বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১২, ২০২৬, ১০:২৩ এএম

আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে

ফুয়েল পাসে তেল সংগ্রহ

জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চালু করেছে কিউআর কোডভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশন ‘ফুয়েল পাস’। মূলত জ্বালানি বিতরণ কার্যক্রমকে সম্পূর্ণ ডিজিটাল এবং স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় নিয়ে আসাই এই নতুন উদ্যোগের প্রধান লক্ষ্য। 

শুরুতে মোটরসাইকেল চালকদের জন্য রাজধানীর দুটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হলেও শনিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আরও পাঁচটি পাম্পকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে। 

এর ফলে বর্তমানে মোট সাতটি স্টেশনে ফুয়েল পাসের মাধ্যমে তেল সংগ্রহ করতে পারছেন গ্রাহকরা। আজ রোববার থেকে এসব নির্দিষ্ট পাম্পে মোটরসাইকেল চালকরা শুধুমাত্র ফুয়েল পাস অ্যাপের মাধ্যমেই পেট্রোল ও অকটেন নিতে পারবেন। পর্যায়ক্রমে এই সুবিধা সারাদেশে সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্র জানায়, বর্তমানে জ্বালানি বিতরণব্যবস্থায় প্রচলিত মনুষ্যচালিত প্রক্রিয়ার কারণে গ্রাহকদের অনেক সময় বিলম্ব ও নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। পর্যাপ্ত জ্বালানি সরবরাহ থাকা সত্ত্বেও প্রতিটি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। এর বাইরে অনেক সময় একই ব্যক্তি একাধিকবার এসে সারিতে দাঁড়িয়ে প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি সংগ্রহ করছেন, যা বাজারে এক ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করছে। 

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তাবিত এই ডিজিটাল ব্যবস্থা জ্বালানির বিতরণ প্রক্রিয়াকে পুরোপুরি স্বয়ংক্রিয় করবে এবং তাৎক্ষণিক নজরদারির আওতায় নিয়ে আসবে। এই অ্যাপের সঙ্গে বিআরটিএর কেন্দ্রীয় ডেটাবেজের সরাসরি সংযোগ থাকবে, ফলে প্রতিটি যানবাহনের তথ্য সহজেই যাচাই করা সম্ভব হবে।যাদের স্মার্টফোন নেই, তাদের জন্য এই ব্যবস্থায় বিকল্প সুযোগ রাখা হয়েছে। এমন গ্রাহকরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন এবং সেখান থেকে কিউআর কোডটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। 

প্রিন্ট করা সেই কিউআর কোডটি পাম্পে প্রদর্শন করেই তারা জ্বালানি সংগ্রহ করতে পারবেন। এই ব্যবস্থার মাধ্যমে ফিলিং স্টেশনের মালিকেরা ডিজিটাল মাধ্যমে এন্ট্রি করার পরই গ্রাহকদের কাছে জ্বালানি তেল সরবরাহ করতে পারবেন। স্ক্যান করার সাথে সাথেই একজন গ্রাহক তার জন্য পূর্বনির্ধারিত বরাদ্দের পরিমাণও দেখতে পাবেন। এতে করে বিতরণে অনিয়ম ও অপচয় কমানো সহজ হবে এবং সংকটকালীন সময়ে কেন্দ্রীয়ভাবে জ্বালানি ব্যবস্থাপনা করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

এই বিশেষ সুবিধা পেতে হলে গ্রাহককে প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘ফুয়েল পাস’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপে নিবন্ধনের জন্য ফোন নম্বর যাচাইকরণের পাশাপাশি গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, জাতীয় পরিচয়পত্র, গাড়ির ব্লুবুক বা স্মার্ট কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের তথ্য দিতে হবে।

 বর্তমানে রাজধানীর যেসব স্টেশনে এই সেবা পাওয়া যাচ্ছে সেগুলো হলো তেজগাঁও এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশন এবং মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন। এছাড়া শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জ এলাকার নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশনেও এখন থেকে ফুয়েল পাস অ্যাপ ব্যবহার করে জ্বালানি তেল নেওয়া যাবে। আপাতত শুধু মোটরসাইকেল চালকরা এই সুবিধা পেলেও দ্রুতই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।