এপ্রিল ২৯, ২০২৬, ০৪:৫৪ পিএম
দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা করে বৃদ্ধির ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, সরকারের নতুন এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এখন থেকে প্রতি লিটার খোলা তেল ১৭৫ টাকার পরিবর্তে ১৭৯ টাকায় বিক্রি হবে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে দেশীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়।
ভোজ্যতেলের দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে পণ্যের উৎপাদন ও উৎস মূলে দাম বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতার প্রভাব দেশীয় বাজারেও পড়ছে। উৎপাদন খরচ ও আমদানি ব্যয় বাড়ার কারণে নতুন দাম নির্ধারণ করতে হয়েছে।
মন্ত্রী আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে ভোক্তারা বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এই দাম সমন্বয়ের ফলে বাজারে তেলের সরবরাহ পরিস্থিতি আগের চেয়ে আরও স্বাভাবিক ও স্থিতিশীল হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় মনে করছে। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ ভোজ্যতেল আমদানিকারক ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন