রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মে মাসে বাড়বে না জ্বালানি তেলের দাম, প্রজ্ঞাপন জারি

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ০৭:২২ পিএম

মে মাসে বাড়বে না জ্বালানি তেলের দাম, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

আগামী মে মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বিদ্যমান খুচরা মূল্যই মে মাস জুড়ে বহাল থাকবে।

জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ১ মে থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে মে মাসে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকায় বিক্রি হবে। উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এর আগে গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। ওই সময় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। 

সেই সমন্বয়ে ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম প্রতি লিটার ১১১ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছিল। মে মাসের জন্য সেই দামই পুনরায় বহাল রাখা হয়েছে।

বিদ্যমান আইন ও নীতিমালা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে অন্তত একবার জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে থাকে সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতি মাসের শেষের দিকে পরবর্তী মাসের জন্য তেলের খুচরা মূল্য ঘোষণা করা হয়। তবে এবার নতুন করে দাম না বাড়িয়ে আগের নির্ধারিত মূল্য বহাল রাখার সিদ্ধান্ত নিল সরকার।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে তেলের মূল্যের ওঠানামা এবং স্থানীয় চাহিদার বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ মে ভোর থেকেই সারা দেশের সব ফিলিং স্টেশন ও ডিলার পয়েন্টে এই নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।