মে ৪, ২০২৬, ১২:৩২ এএম
জ্বালানি খাতের সমস্যা সমাধানে শুরুতে দুর্নীতির অবসান এবং এই খাতের সংস্কার জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, সৌরশক্তির ওপর নির্ভরতা বাড়িয়ে তেলের ব্যবহার কমাতে পারলে বর্তমান সংকট থেকে উত্তরণ সম্ভব। কার্যকরী উদ্যোগ গ্রহণ করলে বাংলাদেশের জ্বালানি পরিস্থিতির টেকসই পরিবর্তন আনা সম্ভব বলে অভিমত ব্যক্ত করেছেন তাঁরা।
রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক জাতীয় কনভেনশনের দ্বিতীয় সেশনে বক্তারা এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটি ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করে। সেশনে সভাপতিত্ব করেন এনসিপির জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহমুদা মিতু।
উন্নয়ন অর্থনীতিবিদ ড. খান জহিরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের জ্বালানি সংকট সম্পদের অভাবের কারণে নয়, বরং দুর্নীতি ও ভুল নীতির কারণে তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, বছরে বাংলাদেশ ১২ বিলিয়ন ডলার আমদানি ব্যয় করে জ্বালানিতে, যা মোট বাজেটের ১৯ শতাংশ।
দেশে চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা বেশি থাকলেও দুর্নীতির কারণে নিয়মিত লোডশেডিং হচ্ছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খাম্বা কেলেঙ্কারির মাধ্যমে বিপুল অর্থ লোপাটের উদাহরণ দিয়ে তিনি বলেন, সামিট গ্রুপসহ বিভিন্ন কুইক রেন্টাল কোম্পানি হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে। ঢাকার বর্জ্য থেকে এনার্জি উৎপাদন করলে দৈনিক ৩০০ থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব বলে তিনি জানান।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জ্বালানি সংকটকে সার্বভৌমত্বের প্রশ্ন হিসেবে দেখার আহ্বান জানান। তিনি ইরান ও ভারতের সেভেন সিস্টার্সে বিদ্যুৎ সরবরাহের উদাহরণ টেনে ট্রান্সশিপমেন্ট ও সাপ্লাই চেইনের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরেন।
ইনস্টিটিউট ফর এনার্জি ইকনমিকস অ্যান্ড ফাইনান্সিয়াল এনালাইসিস-এর লিড এনার্জি এনালিস্ট শফিকুল আলম বলেন, বর্তমানে জ্বালানিতে আমদানি নির্ভরতা বেড়ে ৬২.৫ শতাংশে পৌঁছেছে। দিনের বেলা তেলের পরিবর্তে সূর্যের আলো ব্যবহার করলে প্রতি কিলোওয়াট বিদ্যুতের খরচ ২৭ টাকা থেকে কমিয়ে ৮-১০ টাকায় আনা সম্ভব। এতে প্রতি ইউনিটে ১৫-১৬ টাকা সাশ্রয় হবে। তিনি ইন্ডাস্ট্রিগুলোতে রুফটপ সোলারের মাধ্যমে ৩০০০ থেকে ৩৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা তুলে ধরে সৌর প্যানেলের এক্সেসরিজের ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি জানান।
জাতীয় অর্থনীতির সম্পাদক ইসমাইল আলী তাঁর বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের ধীরগতি নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের গড় খরচ ১২ টাকা হলেও বিক্রি হচ্ছে মাত্র সাড়ে ৫ টাকায়। প্রতি বছর ৫০-৫২ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে এই খাত চলতে পারে না। আদানির চুক্তি রিভিউ এবং ক্যাপাসিটি চার্জ সংস্কার করে উৎপাদন খরচ কমিয়ে আনার ওপর গুরুত্ব দেন তিনি। পাকিস্তান সোলার খাতে বড় পরিবর্তন এনেছে উল্লেখ করে তিনি বাংলাদেশেও বড় কোম্পানিগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে জেনারেশন কষ্ট ৪০ শতাংশ কমানোর তাগিদ দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন