মে ২৩, ২০২৬, ১১:২৬ এএম
আগামী ১ জুলাই থেকে দেশে নতুন নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও এই নতুন কাঠামোর আওতায় বড় সুখবর পেতে যাচ্ছেন। গত বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে নবম পে স্কেল নির্ধারণে গঠিত সচিব কমিটির সভায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন এই নবম জাতীয় পে স্কেল অনুসারে নিম্ন আয়ের কর্মচারীদের বেতন ও পেনশন বাড়ানোর পাশাপাশি বৈষম্য কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রস্তাবিত বেতন কাঠামোতে নিচের স্তরের কর্মচারীদের বেতন ও সুযোগ-সুবিধা সবচেয়ে বেশি বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে তুলনামূলকভাবে ওপরের স্তরের সরকারি কর্মকর্তারা কিছুটা কম সুবিধা পেতে পারেন বলে জানা গেছে। নতুন এই পে স্কেলের আওতায় দেশের শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন ও বিচার বিভাগের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অন্তর্ভুক্ত থাকবেন। বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য কমিয়ে আনতে একটি বিশেষ সুপারিশও রাখা হচ্ছে।
পেনশন সুবিধার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে সচিব কমিটির সভায়। বর্তমানে যারা ২০ হাজার টাকার নিচে পেনশন সুবিধা পাচ্ছেন, নতুন স্কেলে তারা সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন। তাদের ক্ষেত্রে পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব নিয়ে কমিটির সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।
শুধু সরাসরি সরকারি কর্মচারী নয়, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও সরকার সমন্বিত গাইডলাইন জারির পরিকল্পনা করছে। ফলে এসব প্রতিষ্ঠানের কর্মীদের সুযোগ-সুবিধার ক্ষেত্রেও নতুন পে স্কেলের সুনির্দিষ্ট গাইডলাইন অনুসরণ করতে হবে। সচিব কমিটির সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং ১ জুলাইয়ের লক্ষ্যমাত্রা সামনে রেখে প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন