আগস্ট ২০, ২০২৬, ১২:২৮ পিএম
সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের আনুষ্ঠানিক গেজেট আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশের জোর প্রস্তুতি চলছে। সব প্রক্রিয়া সময়মতো শেষ হলে আগামী অক্টোবর থেকেই কর্মকর্তা ও কর্মচারীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী অর্থ তুলতে পারবেন। চলতি বছরের ১ জুলাই থেকে নতুন বেতন স্কেল কার্যকর ধরা হচ্ছে।তিন মাসের বকেয়া অর্থ পরবর্তী বেতনের সঙ্গে সমন্বয় করা হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত উচ্চপর্যায়ের সচিব কমিটি তাদের কাজ প্রায় চূড়ান্ত করে এনেছে। তবে চূড়ান্ত অনুমোদনের পূর্বে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আরেকটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এরপর সেপ্টেম্বরের শুরুর দিকে প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হবে। মন্ত্রিসভায় পাস হওয়ার পর আইন মন্ত্রণালয়ের আইনি যাচাই শেষে দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের লক্ষ্যমাত্রা রয়েছে।
বেতন বৃদ্ধির পরিমাণ, বিভিন্ন ভাতা, সুযোগ-সুবিধা এবং সরকারের আর্থিক সক্ষমতার বিষয়গুলো পর্যালোচনা করার কারণে চূড়ান্ত প্রক্রিয়ায় কিছুটা সময় লাগছে। আর্থিক ভারসাম্য বজায় রাখতে এককালীন বড় চাপ এড়িয়ে বকেয়া অর্থ কয়েকটি ধাপে পরিশোধের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতি ও সামগ্রিক রাজস্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে মূল বেতন আগে বাস্তবায়ন করে অন্যান্য সুবিধা পর্যায়ক্রমে কার্যকর করা হতে পারে।গেজেট প্রকাশের আগ পর্যন্ত চাকরিজীবীরা বিদ্যমান কাঠামোতেই বেতন ভাতা গ্রহণ করবেন এবং গেজেট জারির পর ১ জুলাই থেকে পুনর্নির্ধারিত হিসাব কার্যকর হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন