জুন ৪, ২০২৬, ১০:০৮ এএম
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির খবর প্রকাশ্যে আসার পর তেলের বাজারে এই নিম্নমুখী প্রবণতা দেখা গেল।বিনিয়োগকারীদের ধারণা, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত এবার শেষ হতে পারে।
এই যুদ্ধবিরতির মাধ্যমে পুরো অঞ্চলে একটি বৃহত্তর কূটনৈতিক সমাধানের আশা জোরদার হয়েছে। বুধবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ১৫ মিনিটে তেলের বাজারে নতুন দরের চিত্র দেখা যায়।
আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ১৪ ডলারে নেমে এসেছে।আগের দিনের তুলনায় দাম ৬৭ সেন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ কম।যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৪০ ডলারে লেনদেন হচ্ছে। এক্ষেত্রে দাম কমেছে ৬২ সেন্ট বা শূন্য দশমিক ৬৫ শতাংশ।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনার পর এই যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতি হয়। ইসরায়েল ও লেবানন উভয় দেশই এটি কার্যকর করতে রাজি হয়েছে। তবে হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে হামলা বন্ধ করতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
তথ্যসূত্র: আল জাজিরা

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন