বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩০, ২০২৬, ১১:৩২ এএম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক দশমিক ঊনত্রিশ ডলার বা এক দশমিক চার দুই শতাংশ কমে উননব্বই দশমিক চার পাঁচ ডলারে নেমে এসেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ছাপ্পান্ন সেন্ট বা শূন্য দশমিক ছয় ছয় শতাংশ কমে ব্যারেলপ্রতি তিরাশি দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত বাড়লেও মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী জাহাজ চলাচল অব্যাহত থাকায় সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কিছুটা কমেছে। এর ফলে আগের দিনের তুলনায় তেলের দাম কিছুটা নিম্নমুখী হয়েছে।

এর আগে গত কার্যদিবসে ব্রেন্টের দাম প্রায় সাত দশমিক নয় এক শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ছয় দশমিক পাঁচ ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছিল। পাঁচ মাসের সংঘাত চলাকালে এটি ছিল তেলের দামের অন্যতম বড় উল্লম্ফন। তার আগের দিন সংঘাতে সাময়িক বিরতির পর তেলের দাম প্রায় পাঁচ শতাংশ কমেছিল।বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাজারের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।