রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১০, ২০২৬, ১১:৫৮ এএম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

ছবি: দিনাজপুর টিভি

বিশ্ববাজারে টানা বাড়ার পর আবার নিম্নমুখী হয়েছে স্বর্ণের দাম। সোমবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে গিয়ে প্রতি আউন্স ৪ হাজার ৩২২ দশমিক ২৮ ডলারে নেমে এসেছে।একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ৩৮১ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রত্যাশার চেয়ে দুর্বল কর্মসংস্থান তথ্য প্রকাশের পর এই মূল্যবান ধাতুর দাম ১৭ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। গত জুলাই মাসে মার্কিন অর্থনীতি অপ্রত্যাশিতভাবে কর্মসংস্থান হারিয়েছে বলে জানা যায়। এছাড়া আগের দুই মাসের কর্মসংস্থান বৃদ্ধির হিসাবও বড় ধরনের সংশোধন করে কমানো হয়েছে।

এমন পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভের সুদহার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বাজারের প্রত্যাশাতেও পরিবর্তন এসেছে। আগামী ১৫ থেকে ১৬ সেপ্টেম্বরের ফেড বৈঠকে সুদহার বাড়ানোর সম্ভাবনা এখন ৫০ শতাংশের নিচে নেমে গেছে, যা বাজারের প্রত্যাশাকে বদলে দিয়েছে। সাধারণত সুদহার কমার সম্ভাবনা তৈরি হলে স্বর্ণের আকর্ষণ বাড়ে, কারণ তখন সুদ-আয়কারী সম্পদের তুলনায় স্বর্ণ ধরে রাখার খরচ কমে যায়।

এদিকে সোমবার কেবল স্বর্ণ নয়, অন্যান্য দামি ধাতুর দামেও পতন দেখা গেছে। স্পট রুপার দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩ দশমিক ৪৫ ডলার হয়েছে। প্লাটিনাম শূন্য দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৭৪২ দশমিক ৫০ ডলার এবং প্যালাডিয়াম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৩৬২ দশমিক ৯৭ ডলারে নেমেছে।