আগস্ট ২২, ২০২৬, ১০:১১ এএম
চলতি আমন মৌসুমে জয়পুরহাট ও মেহেরপুরের সারের বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তাপ্রতি ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বাড়তি নিচ্ছেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। এতে বাড়তি দামে সার কিনে আবাদের উৎপাদন খরচ তোলা নিয়ে গভীর শঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষকরা।জয়পুরহাটে পর্যাপ্ত সরবরাহ থাকলেও নজরদারির অভাবে দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না।
কৃষকদের অভিযোগ, ডিলার ও খুচরা বিক্রেতারা নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দাম হাঁকাচ্ছেন। ৫০ কেজির এক বস্তা ইউরিয়া সার সরকার নির্ধারিত দামের চেয়ে ৫৫০ থেকে ৬০০ টাকা বেশি মূল্যে বিক্রি হচ্ছে। অন্যদিকে, মেহেরপুরে দেখা দিয়েছে টিএসপি সারের তীব্র সংকট। চাহিদার তুলনায় মাত্র ৫০ থেকে ৬০ ভাগ বরাদ্দ পাওয়ায় ডিলার পয়েন্টে সার পেতে কৃষকদের দীর্ঘ লাইন দিতে হচ্ছে। কিছু এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানাও করা হয়েছে।
এদিকে কিশোরগঞ্জের ইটনায় সারের নতুন নীতিমালা ও লোকসানের কারণ দেখিয়ে তিন বিসিআইসি ডিলার লাইসেন্স সমর্পণ করেছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিলারদের তালিকা ও ফোন নম্বর প্রকাশ করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন