আগস্ট ২২, ২০২৬, ১১:৫৫ পিএম
আগামী ২০৩০-৩১ সালের মধ্যে স্বর্ণ ও হীরার অলংকার রপ্তানির মাধ্যমে ৭ বিলিয়ন মার্কিন ডলার আয়ের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে দেশের জুয়েলারি খাতকে দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতে রূপান্তর করতে দীর্ঘমেয়াদি নীতিগত সংস্কারের রূপরেখা প্রস্তাব করা হয়েছে।
ঢাকায় অনুষ্ঠিত ‘বাজুস জুয়েলারি ফ্যাশন কার্নিভাল-২০২৬’-এ সংগঠনের পক্ষ থেকে এই পরিকল্পনা তুলে ধরা হয়।বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বাজুসের প্রেসিডেন্ট এনামুল হক খান লিখিত বক্তব্যে জানান, দেশের প্রায় ৪০ হাজার জুয়েলারি প্রতিষ্ঠান ও চার লাখ কারিগরের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৮ লাখ মানুষের জীবিকা নির্ভরশীল। সরকারের নীতিগত সহায়তা পেলে এই খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বৈষম্যহীন নীতিমালার মাধ্যমে স্বর্ণ আমদানির পথ সহজ করা গেলে স্থানীয় বাজারে প্রতি ভরি অলংকারের দাম উল্লেখযোগ্য পরিমাণে কমানো সম্ভব হবে।দেশীয় দক্ষ কারিগরদের কাজে লাগিয়ে ২০৩০ সালের মধ্যে প্রায় ৫০০টি আধুনিক জুয়েলারি কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জিডিপিতে বড় ধরনের অবদান রাখার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বিশেষ করে ঢাকার আশপাশে ১০ বিঘা জমির ওপর একটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল বা ‘স্বর্ণপল্লী’ প্রতিষ্ঠার জোরালো দাবি জানিয়েছে বাজুস। সেখানে ডায়মন্ড প্রসেসিং ইউনিট স্থাপন করা হলে হীরা রপ্তানি থেকেও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন