শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,
নিত্যপণ্যের বাজারদর

সয়াবিন তেলের সংকট কাটেনি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৪:৫০ পিএম

সয়াবিন তেলের সংকট কাটেনি

রাজধানীর খুচরা বাজারে ভোজ্যতেলের দাম বাড়ার পরও বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি। বেশিরভাগ মুদি দোকানে চাহিদা অনুযায়ী বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই চিত্র দেখা গেছে। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা জানান, গত ২ সেপ্টেম্বর কোম্পানিগুলো ভোজ্যতেলের দাম বাড়ায়। দাম বাড়ানোর পরও পরিশোধনকারী কোম্পানিগুলো বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক করেনি। কোম্পানিগুলো পরিকল্পিতভাবে বাজারে তেলের সরবরাহ কমিয়ে রেখেছে বলে ব্যবসায়ীদের অভিযোগ।

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট প্রকট রূপ নেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। ক্রেতাদের চাহিদা মেটাতে অনেক খুচরা বিক্রেতা এখন খোলা সয়াবিন তেল বিক্রি শুরু করেছেন। প্রয়োজনীয় তেল কিনতে ক্রেতাদের চার থেকে পাঁচটি দোকান ঘুরে একটিতে তেল পেতে হচ্ছে। সেখানেও কাঙ্ক্ষিত পরিমাণের বোতল মিলছে না। খুচরা বিক্রেতারা জানান, বাজারে আধা লিটার ও এক লিটার পরিমাণের তেলের বোতলের সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। পরিবেশকদের কাছে বারবার তাগাদা দিয়েও পর্যাপ্ত তেল পাচ্ছেন না তারা। বর্তমানে কেবল দুই থেকে তিনটি কোম্পানি বাজারে সীমিত পরিমাণে বোতলজাত তেল সরবরাহ করছে। তাও কেবল দুই লিটার ও পাঁচ লিটারের বোতলে সীমাবদ্ধ।

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে এখন প্রতি লিটারের নির্ধারিত মূল্য ২০৪ টাকা করা হয়েছে। ফলে দুই লিটারের একটি বোতল কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৪০৮ টাকা এবং পাঁচ লিটারের বোতলের জন্য পরিশোধ করতে হচ্ছে এক হাজার ২০ টাকা। অন্যদিকে তেল কোম্পানিগুলো খুচরা বিক্রেতাদের বিক্রির কমিশন অস্বাভাবিক হারে কমিয়ে দিয়েছে। বর্তমানে প্রতি লিটার তেলে বিক্রেতাদের মাত্র এক টাকা কমিশন দেওয়া হচ্ছে।

রামপুরা এলাকার ভাই ভাই স্টোরের খুচরা দোকানি আফজাল হোসেন জানান, পাঁচ লিটার তেল কিনতে এসে ক্রেতারা এমনিতেই পাঁচ থেকে দশ টাকা ছাড় চান। কিন্তু বর্তমানে পাঁচ লিটারের বোতলে তাদের মুনাফাই মাত্র পাঁচ টাকা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এক হাজার টাকা বিনিয়োগ করে লাভ হচ্ছে মাত্র পাঁচ টাকা, তার ওপর কোম্পানি তেল দিচ্ছে না এবং সবাইকে জিম্মি করে রেখেছে। বোতলজাত সয়াবিনের এই তীব্র সংকটের সুযোগে বাজারে খোলা তেলের দাম দ্রুত বাড়ছে। খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল এখন ২০৫ থেকে ২০৮ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮৫ টাকা দরে।