অক্টোবর ৭, ২০২৫, ০৭:২০ পিএম
দেশের খাদ্য নিরাপত্তা জোরদার এবং সরকারি মজুত বাড়াতে ২ লাখ ৭০ হাজার টন গম ও চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম এবং ভারত থেকে ৫০ হাজার টন বাসমতি সিদ্ধ চাল কেনা হবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের ‘এ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড’-এর কাছ থেকে ৮২৫ কোটি ৩১ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করা হবে।
এছাড়াও, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের ‘এম.এস বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড’-এর কাছ থেকে ২১৯ কোটি ৯ লাখ ৯৯ হাজার টাকায় আরও ৫০ হাজার টন বাসমতি সিদ্ধ চাল ক্রয়ের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
একই সভায় ঢাকা ওয়াসার একটি প্রকল্পের ব্যয় বৃদ্ধিসহ বিদ্যুৎ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আরও তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং বাজার স্থিতিশীল রাখতে সরকারের এই আমদানি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন