রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ থেকে নতুন দামে রুপা বিক্রি, জেনে নিন বাজারদর

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৫, ১২:১২ পিএম

আজ থেকে নতুন দামে রুপা বিক্রি, জেনে নিন বাজারদর

স্বর্ণের দাম কমার খবরের পরপরই এবার দেশের বাজারে রুপার দামেও বড় পতনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২৭ অক্টোবর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি ভরি রুপার দাম ১ হাজার ২২৪ টাকা কমানো হয়েছে। নতুন এই দর আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকেই সারা দেশে কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী রুপার (পিওর সিলভার) মূল্য হ্রাস পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন দাম অনুযায়ী, আজ থেকে দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৪ হাজার ২৪৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার নতুন দাম হবে ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০১ টাকা।এর আগে ২২ ক্যারেটের রুপার ভরি ছিল ৫ হাজার ৪৭০ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ২৭১ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৫০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হয়েছে ৩ হাজার ৩২৫ টাকায়।

বাজুস আরও জানিয়েছে, রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ক্রেতাদের আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করে বিল পরিশোধ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হারে তারতম্য হতে পারে।

উল্লেখ্য, স্বর্ণের দামেও বড় পতন হয়েছে। সোমবার রাতেই বাজুস ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করে, যা মঙ্গলবার থেকেই কার্যকর হচ্ছে।