নভেম্বর ১৬, ২০২৫, ০৬:৫৩ পিএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তফসিল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র প্রতিনিধিরা ক্যাম্পাসের বিভিন্ন প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করার সুযোগ পাবেন।
একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের নেতৃত্ব বেছে নিতে পারবেন, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে।
রবিবার (১৬ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের আই আই সিটি ভবনে অবস্থিত শাকসু নির্বাচন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করেন।
এসময় অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। কমিশন জানিয়েছে, নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে তারা সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছেন।ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ২০ নভেম্বর দুপুর সাড়ে ৩টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই তালিকার ওপর কোনো আপত্তি থাকলে তা ২২ নভেম্বর গ্রহণ করা হবে এবং ২৩ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র বিতরণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে ২৪ ও ২৫ নভেম্বর, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। একই সময়ে ২৫ ও ২৬ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৭ নভেম্বর। ২৮ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ৩০ নভেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় নির্ধারিত।
প্রার্থিতার বিষয়ে কোনো আপিল থাকলে পহেলা ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত আপিল গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২ ডিসেম্বর। সর্বশেষ, ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেদিনই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন