রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফের পদত্যাগ ব্রাকসু সিইসি’র, নির্বাচন কি পিছিয়ে যাবে?

রকিবুল হাসান মুন্না

নভেম্বর ২৬, ২০২৫, ০৬:২৭ পিএম

ফের পদত্যাগ ব্রাকসু সিইসি’র, নির্বাচন কি পিছিয়ে যাবে?

ছবি-দিনাজপুর টিভি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচনে আবারও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদত্যাগের গুঞ্জন উঠেছে। পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহ্জামান।

গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তার পদত্যাগপত্র জমা দেন। আজ বুধবার (২৬ নভেম্বর) বিকেলে অধ্যাপক ড. শাহ্জামান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বলেন, "পদত্যাগপত্র আমাদের কাছে পৌঁছেছে। আমি এখন সিন্ডিকেট সভায় আছি, এ ব্যাপারে পরে কথা বলবো।"

উল্লেখ্য, এর মাত্র তিন সপ্তাহ আগে গত ৫ নভেম্বর ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌস রহমানও পদত্যাগ করেন।

এক মাসের ব্যবধানে দুইজন প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগে ব্রাকসু নির্বাচন ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী মহলে এ নিয়ে চলছে নানা আলোচনা ও গুঞ্জন। নির্বাচনের এমন অনিশ্চিত ভবিষ্যতের কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাপা উত্তেজনা বিরাজ করছে।