ডিসেম্বর ৩০, ২০২৫, ০৫:৫৩ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্র শিবির। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ও ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলামের নেতৃত্বে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোনাজাতে রিয়াজুল ইসলাম বেগম খালেদা জিয়াকে একজন ‘মজলুম’ হিসেবে উল্লেখ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তিনি বলেন, বেগম জিয়া গত ১৭ বছর জালিমের শিকার হয়েছেন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ও ইসলামের পক্ষে অকুতোভয় সংগ্রাম করেছেন।
তিনি সবসময় আলেম সমাজ ও মুসলমানদের বিপদে পাশে দাঁড়িয়েছেন।মোনাজাতে শিবিরের নেতাকর্মীরা আল্লাহর কাছে বেগম জিয়ার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার এবং তাঁর স্বপ্নের ‘ইনসাফপূর্ণ বাংলাদেশ’ গড়ার তৌফিক কামনা করেন।
পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্যও দোয়া করা হয়। উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন