রাকিবুল হাসান মুন্না
জানুয়ারি ১৭, ২০২৬, ০১:৫১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টার অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে প্রবেশের সময় তার কাছ থেকে একটি পকেট রাউটার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক পরীক্ষার্থীর নাম জিএম সারোয়ার আহমেদ। তিনি ২০২৪ সালে কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। তিনি রংপুরের বাসিন্দা শামীম আহমেদ ও আইরিন আক্তারের ছেলে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, সকাল ১১টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হওয়ার আগে কেন্দ্রে প্রবেশের সময় মেটাল ডিটেক্টরে তল্লাশি চালানো হয়। এসময় সারোয়ারের জ্যাকেটের নিচে ও পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় পকেট রাউটার ও মোবাইল ফোনটি শনাক্ত করা হয়।
এ বিষয়ে বেরোবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাশেদ খান জানান, অভিযুক্ত পরীক্ষার্থীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার অভিভাবকদের খবর দেওয়া হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, "পরীক্ষার্থী বগলের নিচে ও জ্যাকেটের ভেতর ডিভাইসগুলো লুকিয়ে রেখেছিলেন। ধারণা করা হচ্ছে অনলাইনে উত্তর দেখার উদ্দেশ্যে তিনি এটি করেছেন। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা বিষয়টি খতিয়ে দেখছেন।
বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এক প্রেস ব্রিফিংয়ে বলেন, "অযাচিত ডিভাইসসহ একজনকে আটক করা হয়েছে এবং আমরা আইনের আশ্রয় নেব। তবে সামগ্রিকভাবে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিতির হার ছিল প্রায় ৯৫ শতাংশ।"উল্লেখ্য, গত শুক্রবার (১৬ জানুয়ারি) ‘সি’ ইউনিটের পরীক্ষার পর আজ শনিবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেশের বিভাগীয় শহরগুলোতে একযোগে অনুষ্ঠিত হচ্ছে।