রাহাত হোসেন
জানুয়ারি ২৪, ২০২৬, ০৯:৩৯ পিএম
ছবি-দিনাজপুর টিভি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের সহায়তায় ১১ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, হাবিপ্রবি শাখা।শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সেবামূলক উদ্যোগগুলোর কথা জানানো হয়।
ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে এবং ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।ছাত্রদলের ১১ দফা কর্মসূচিতে যা থাকছে: সংবাদ সম্মেলনে উত্থাপিত কর্মপরিকল্পনায় উল্লেখযোগ্য উদ্যোগগুলো হলো— ১. ভর্তিচ্ছু ছাত্র ও ছাত্রীদের জন্য বিনামূল্যে আবাসনের ব্যবস্থা।
২. জরুরি প্রয়োজনে ‘ফ্রি বাইক সার্ভিস’ প্রদান। ৩. ক্যাম্পাসের স্পিড ব্রেকারগুলো রং করে দৃশ্যমান করা। ৪. ব্যাগ ও মোবাইল ফোন নিরাপদে রাখার সুব্যবস্থা (লকার সার্ভিস)। ৫. অভিভাবকদের বসার জন্য প্যান্ডেল ও সুব্যবস্থা।
৬. বিনামূল্যে বিশুদ্ধ পানি ও স্যালাইন সরবরাহ। ৭. প্রাথমিক চিকিৎসার জন্য জরুরি ওষুধ সরবরাহ। ৮. ক্যাম্পাসে ট্রাফিক কন্ট্রোল ও শৃঙ্খলা বজায় রাখা। ৯. খাবারের মান নিয়ন্ত্রণ ও অতিরিক্ত দাম রাখা রোধে তদারকি। ১০. রিকশা ও অটোরিকশার ভাড়া মনিটরিং। ১১. মেসগুলোতে আবাসনের সুব্যবস্থা নিশ্চিতকরণ এবং প্রশাসনকে সার্বক্ষণিক সহায়তা প্রদান।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন, “ভর্তি পরীক্ষায় আগত অতিথি ও শিক্ষার্থীদের সার্বিক সহায়তায় প্রশাসনকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। ইতিমধ্যেই আমরা ছাত্র ও ছাত্রীদের জন্য হলগুলোতে থাকার ব্যবস্থা নিশ্চিত করেছি। এছাড়াও তিন দিনব্যাপী আমাদের হেল্প ডেস্ক বা স্টল থাকবে, যেখানে অভিভাবকদের বসার ব্যবস্থা ও জরুরি সেবা পাওয়া যাবে।”
ভর্তি পরীক্ষার সময়সূচি ও পরিসংখ্যান: উল্লেখ্য, আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি পর্যায়ক্রমে তিন দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’—এই চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর মোট ১ হাজার ৭৯৫টি আসনের বিপরীতে লড়াই করবেন ৯৪ হাজার ৩৭৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের জন্য গড়ে লড়বেন প্রায় ৫৩ জন শিক্ষার্থী।