জানুয়ারি ২৪, ২০২৬, ১০:২৭ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে দেখা গেছে এবার প্রথম শিফটে পাসের হার ২৩.১৫ শতাংশ এবং দ্বিতীয় শিফটে পাসের হার ২৬.৩২ শতাংশ। গত ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল যেখানে দুই শিফটে ১ লাখ ৫ হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
এবারের ফলাফলে বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী অনন্ত মিয়াহ এবং রাজশাহী কলেজের মো. সিয়াম আলী।বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে ‘এ’ ইউনিটের প্রথম শিফটে অনন্ত মিয়াহ ৮৯.৫০ নম্বর পেয়ে সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন।
অন্যদিকে দ্বিতীয় শিফটে ৮৮ নম্বর পেয়ে প্রথম হয়েছেন রাজশাহী কলেজের মেধাবী শিক্ষার্থী মো. সিয়াম আলী। এবারের ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয় যেখানে ৮০টি প্রশ্নের উত্তর দিতে হয়েছে পরীক্ষার্থীদের।
প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২৫ নম্বর বরাদ্দ থাকলেও ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা গেছে। পাস নম্বর ৪০ হলেও মেধাতালিকার ভিত্তিতেই চূড়ান্ত ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা।পরিসংখ্যান অনুযায়ী প্রথম শিফটে ৫২ হাজার ৬৫৭ জন এবং দ্বিতীয় শিফটে ৫২ হাজার ৭৩ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন যা মোট আবেদনকারীর প্রায় ৯১ শতাংশ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও এবারের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের রোল নম্বর ব্যবহার করে বিস্তারিত ফলাফল দেখতে পারবেন। মেধা তালিকার ভিত্তিতে আগামীতে সাক্ষাৎকারের সময়সূচি প্রকাশ করবে কর্তৃপক্ষ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন