রাহাত হোসেন
জানুয়ারি ২৫, ২০২৬, ১০:৫৩ এএম
ছবি-দিনাজপুর টিভি
উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষা আগামীকাল সোমবার (২৬ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে তিন দিনব্যাপী এই ভর্তি যুদ্ধ, যা চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ৪টি ইউনিটে ১ হাজার ৭৯৫টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ৯৪ হাজার ৩৭৫টি। সেই হিসেবে প্রতিটি আসনের জন্য গড়ে লড়বেন প্রায় ৫৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
পরীক্ষার সময়সূচি: সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি কার্যক্রম শুরু হবে। ওইদিন বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মোট ৩টি শিফটে এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরদিন ২৭ জানুয়ারি ৩ শিফটে ‘বি’ ইউনিট ও ১ শিফটে আর্কিটেকচার ড্রয়িং এবং শেষ দিন ২৮ জানুয়ারি প্রথম শিফটে ‘সি’ ইউনিট ও পরবর্তী তিন শিফটে ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইউনিট ভিত্তিক পরিসংখ্যান:
‘এ’ ইউনিট: ৩০,২৭৫ জন আবেদনকারী। আসন ৫৩৫টি (কৃষি, মৎস্য ও ডিভিএম)।
‘বি’ ইউনিট: ২৬,৫৬২ জন আবেদনকারী। ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিষয়ে আসন রয়েছে।
‘সি’ ইউনিট: মোট আবেদন ২০,৬৪৯ জন (ব্যবসায় শিক্ষা ৩,১১৬ + বিজ্ঞান ও মানবিক ১৭,৫৩৩)।
‘ডি’ ইউনিট: ২৬,০৯৭ জন আবেদনকারী।
নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা: ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা বলেন, “ভর্তি পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। যানজট নিরসনে বিশ্ববিদ্যালয়ের পাশের আম বাগানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা আমাদের অতিথি। তারা যেন কোনোভাবে হয়রানি বা ডিস্টার্বেন্সের শিকার না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখা হবে। মেস মালিক ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গেও আমরা কথা বলেছি। সকলের সহযোগিতায় একটি সুন্দর পরীক্ষা উপহার দিতে পারব বলে আমরা আশাবাদী।