ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৫:৩৩ পিএম
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হওয়া নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের আশঙ্কা, নির্বাচনের আমেজ ও যাতায়াত বিধিনিষেধের কারণে এই সময়ে ভর্তি হওয়া তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি প্রথম মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রমের তারিখ নির্ধারিত হয়েছে। অথচ নির্বাচনের কারণে ১১ ফেব্রুয়ারি রাত থেকেই সারা দেশে দূরপাল্লার যান চলাচলে বিধিনিষেধ জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, সিলেট বা খুলনার মতো দূরবর্তী অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ভর্তির পর নিরাপদে বাড়ি ফেরা বা যাতায়াত করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
অভিভাবকদের দাবি, নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক সভা-সমাবেশ ও উত্তেজনার মধ্যে সন্তানদের নিয়ে দিনাজপুরে আসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যাতায়াত ব্যবস্থা সীমিত হয়ে পড়লে তারা চরম বিপাকে পড়বেন।
ভর্তি কমিটি সূত্রে জানা যায়, সাধারণ পরিস্থিতি বিবেচনা করে নির্বাচনের পরে ভর্তি কার্যক্রম আয়োজনের সুপারিশ করা হয়েছিল। কিন্তু অভিযোগ উঠেছে, উপাচার্য প্রফেসর ড. এনামউল্যা সেই সুপারিশ গ্রহণ না করে তাঁর ‘একক’ সিদ্ধান্তে এই তারিখ চূড়ান্ত করেছেন।
এ বিষয়ে মন্তব্যের জন্য উপাচার্য প্রফেসর ড. এনামউল্যার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে বিমানে অবস্থান করছেন এবং এ বিষয়ে কথা বলতে পারবেন না বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।এদিকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, নির্বাচনকালীন ছুটির বিষয়ে প্রশাসন এখনো কোনো স্পষ্ট নোটিশ দেয়নি, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। অভিভাবক ও ভর্তিচ্ছুদের দাবি, অহেতুক ভোগান্তি এড়াতে ভর্তি কার্যক্রম নির্বাচনের পর নির্ধারণ করা হোক।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন