রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বেরোবিতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রাকিবুল হাসান মুন্না

মার্চ ৮, ২০২৬, ০৪:৫১ পিএম

বেরোবিতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বেরোবিতে নারী দিবসের র‍্যালি :ছবি-দিনাজপুর টিভি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬। "আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হওয়া বর্ণাঢ্য র‍্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী। 

র‍্যালি পরবর্তী সমাবেশে উপাচার্য বলেন, নারীর ক্ষমতায়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করা ছাড়া একটি ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠন সম্ভব নয়। নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, মর্যাদা এবং সমান সুযোগ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। 

তিনি আরও উল্লেখ করেন যে, সচেতনতা সৃষ্টি এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।র‍্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. নজরুল ইসলাম, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান কুন্তলা চৌধুরী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক নিয়ামুন নাহারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের সামনে ‘সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বোর্ড’ স্থাপন করা হয়। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা নারীর অধিকার রক্ষা, সুরক্ষা এবং বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে নিজেদের মতামত ও অঙ্গীকার ব্যক্ত করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক নারী দিবস কেবল একটি আনুষ্ঠানিক উদযাপনের বিষয় নয়; বরং এটি নারীর প্রতি বিদ্যমান বৈষম্য, সহিংসতা ও অবহেলা দূর করে সমান অধিকার প্রতিষ্ঠার শপথ নেওয়ার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়। দিনব্যাপী এই আয়োজনে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভাও অন্তর্ভুক্ত ছিল।