সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

৯ মার্চ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

রাকিবুল হাসান মুন্না

মার্চ ৮, ২০২৬, ১০:৩৯ পিএম

৯ মার্চ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

৯ মার্চ থেকে বেরোবি বন্ধ :ছবি-দিনাজপুর টিভি

জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর বিশেষ নির্দেশনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর সকল একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম আগামীকাল সোমবার (০৯ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের নির্ধারিত ছুটিকে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে কিছুটা এগিয়ে এনে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (০৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক জরুরি নির্দেশনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আদেশ জারি করে। নির্দেশনায় জানানো হয়েছে, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এবং পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরের ছুটি সমন্বয় করে ০৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। 

একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত ছুটি শেষ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এই ছুটির আওতায় সকল বিভাগ, ইনস্টিটিউট এবং প্রশাসনিক দপ্তরসমূহ বন্ধ থাকলেও বিদ্যুৎ, পানি ও নিরাপত্তার মতো জরুরি সেবাসমূহ যথারীতি চালু থাকবে। 

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শব-ই-কদর, জুমা-তুল-বিদা ও ঈদুল ফিতরের ছুটি আগামী ২৫ মার্চ (বুধবার) শেষ হবে। ছুটি শেষে ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম পুনরায় সচল হবে।তবে আবাসিক হলসমূহ খোলা থাকবে কি না, তা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। 

প্রশাসন জানিয়েছে, হল বন্ধের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি; তবে শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা বিবেচনা করে দ্রুতই এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে প্রশাসনের এই বিশেষ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।