মার্চ ১১, ২০২৬, ১১:২৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ.ক.ম. জামাল উদ্দীনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে রাজধানীর গুলিস্তান এলাকার জাতীয় স্টেডিয়ামের সামনে থেকে একটি পদযাত্রা চলাকালে তাকে আটক করা হয়। পরবর্তীতে নিষিদ্ধঘোষিত বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
বর্তমানে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।আটকের সময় অধ্যাপক জামাল উদ্দিন একটি মিছিলের সাথে ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে যে রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো খতিয়ে দেখতে প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে পুলিশ। এই গ্রেফতারের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং শিক্ষক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য যে এর আগে গত ১৫ ফেব্রুয়ারি অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনের সামনে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন। ওই সময় তিনি ফেসবুকে ‘গণকান্না’ নামক একটি কর্মসূচির ঘোষণা দিয়ে সেখানে উপস্থিত হলে বিক্ষুব্ধ জনতা তাকে ও তার সঙ্গীদের মারধর করে।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নিরাপদ হেফাজতে সরিয়ে নেয়। সেই ঘটনার এক মাসের মাথায় এবার তাকে সরাসরি রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলায় গ্রেফতার করা হলো। পুলিশ জানিয়েছে মামলার নথিপত্র অনুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন