রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. ওবায়দুল ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৬, ২০২৬, ০৪:৩৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. ওবায়দুল ইসলাম

ঢাবির নতুন উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রবীণ শিক্ষক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। আজ সোমবার ১৬ মার্চ বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

এর আগে অধ্যাপক ওবায়দুল ইসলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দেশের উচ্চশিক্ষার অন্যতম প্রধান এই বিদ্যাপীঠের প্রশাসনিক ও একাডেমিক গতিশীলতা ফিরিয়ে আনতে অভিজ্ঞ এই শিক্ষাবিদকে দায়িত্ব দেওয়া হলো।

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম কেবল একজন দক্ষ শিক্ষকই নন, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অঙ্গনেও অত্যন্ত সুপরিচিত মুখ। বর্তমানে তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সাবেক আহ্বায়ক হিসেবেও তার বিশেষ পরিচিতি রয়েছে। পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই অধ্যাপক এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সংকট নিরসন ও সেশনজটমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে কাজ করবেন বলে আশা করা হচ্ছে।

সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ সমুন্নত রাখাই নতুন উপাচার্যের প্রধান চ্যালেঞ্জ হবে। খুব শীঘ্রই রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে এবং এরপরই তিনি তার নতুন কর্মস্থলে যোগ দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এই নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।