মার্চ ১৬, ২০২৬, ০৫:৩৬ পিএম
দেশের সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে বহুল আলোচিত লটারি পদ্ধতি বাতিল করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য ভর্তি পরীক্ষার মাধ্যমেই নতুন শ্রেণিতে ভর্তি হতে হবে। সোমবার ১৬ মার্চ বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
তিনি স্পষ্ট করে জানান যে লটারি কোনোভাবেই শিক্ষার্থীর যোগ্যতার প্রকৃত মানদণ্ড হতে পারে না এবং দীর্ঘ গবেষণার পর এই পদ্ধতিটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন যে শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতেই পুনরায় মেধা যাচাইয়ের পুরনো পদ্ধতিতে ফেরার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নতুন এই ভর্তি পরীক্ষার ধরন ও রূপরেখা কেমন হবে সে বিষয়ে মন্ত্রণালয় থেকে পরবর্তী সময়ে বিস্তারিত নির্দেশনা জারি করা হবে।
লটারি পদ্ধতি সরিয়ে পরীক্ষার ব্যবস্থা করায় দেশে নতুন করে কোচিং বাণিজ্য বাড়তে পারে এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। তার মতে যথাযথ নজরদারি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর ইন হাউজ কোচিংয়ের ব্যবস্থা করা গেলে বাণিজ্যিক কোচিং সেন্টারের ওপর নির্ভরশীলতা কমে আসবে।এর আগে কয়েক বছর ধরে মেধা বৈষম্য দূর করার যুক্তিতে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি কার্যকর ছিল।
কিন্তু মেধার সঠিক মূল্যায়ন হচ্ছে না এমন দাবিতে অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই পদ্ধতি বাতিলের দাবি জানানো হচ্ছিল। বর্তমান সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে বলে আশা প্রকাশ করছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সকল পক্ষকে সাথে নিয়ে এই পরীক্ষা পদ্ধতিকে সহজ ও সাবলীল করার পরিকল্পনাও সরকারের রয়েছে বলে মন্ত্রী সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন