রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঈদে ২৩ দিনের ছুটি, নিস্তব্ধ হাবিপ্রবি ক্যাম্পাস

রাকিবুল হাসান মুন্না

মার্চ ১৭, ২০২৬, ০৫:২১ পিএম

ঈদে ২৩ দিনের ছুটি, নিস্তব্ধ হাবিপ্রবি ক্যাম্পাস

ফাঁকা হাবিপ্রবি ক্যাম্পাস। ছবি-দিনাজপুর টিভি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটির কবলে পড়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। ছুটি শুরু হওয়ার পর থেকেই শিক্ষার্থীরা পর্যায়ক্রমে ক্যাম্পাস ছাড়তে শুরু করায় চিরচেনা এই বিদ্যাপীঠ এখন অনেকটা শিক্ষার্থীশূন্য ও নিস্তব্ধ হয়ে পড়েছে।বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষণা অনুযায়ী, গত ৬ তারিখ থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ২৮ তারিখ পর্যন্ত। 

মোট ২৩ দিনের দীর্ঘ এই ছুটিতে অধিকাংশ শিক্ষার্থীই ইতিমধ্যে তাদের নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন। ফলে ক্যাম্পাসের হলের আবাসিক এলাকা থেকে শুরু করে প্রশাসনিক ভবন এলাকা—সর্বত্রই এখন বিরাজ করছে গভীর নীরবতা।

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের হল রোড যেখানে নিয়মিত শিক্ষার্থীদের আনাগোনা ও আড্ডায় মুখর থাকত, সেখানে এখন সুনসান নীরবতা। একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় লাইব্রেরি ও রিডিং রুমগুলোতেও আগের মতো ভিড় নেই। এমনকি ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদ ও আবাসিক হলের মসজিদগুলোতেও মুসল্লিদের উপস্থিতি কমে গেছে। অনেক হলের ক্যানটিনগুলোও শিক্ষার্থী কমে যাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মীর হাসান জানান, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সবাই উন্মুখ থাকে, তাই ছুটি পাওয়ার পরপরই সবাই বাড়ির পথে রওনা দিয়েছে। তবে দূরত্বের কারণে অথবা চাকরির প্রস্তুতির প্রয়োজনে কেউ কেউ এখনও হলে অবস্থান করছেন।

ক্যাম্পাসের নিরাপত্তাকর্মীরা জানান, অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাস ত্যাগ করায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সন্ধ্যার পর পুরো ক্যাম্পাস এক শান্ত ও নির্জন রূপ ধারণ করে। কয়েকদিনের এই নিস্তব্ধতা শেষে ছুটি কাটিয়ে শিক্ষার্থীরা ফিরলে আবারও প্রাণচাঞ্চল্যে মুখরিত হবে হাবিপ্রবি ক্যাম্পাস।