রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

মোঃ রাহাত হোসেন

মার্চ ২৬, ২০২৬, ০২:২০ পিএম

হাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

শহিদ মিনারে হাবিপ্রবির শ্রদ্ধা। ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও নানা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়। 

মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরতে ক্যাম্পাসজুড়ে আলোকসজ্জা ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন প্রদর্শন করা হয়।সকাল সাড়ে ১০টায় প্রো ভাইস-চ্যান্সেলর ও দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

র‌্যালি শেষে সকাল ১০টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান এবং প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং প্রশাসনিক কর্মকর্তারা শহিদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। 

পর্যায়ক্রমে ডিন কাউন্সিল, হল সুপার কাউন্সিল, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠন এবং হাবিপ্রবি স্কুলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের স্মরণে সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।পুষ্পস্তবক অর্পণ পরবর্তী সংক্ষিপ্ত অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলরের প্রেরিত বাণী পাঠ করা হয়। বাণীতে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলা হয়, দেশের স্বাধীনতা অর্জনে শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। 

একই সঙ্গে স্বাধীনতার মূল চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।