রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

এসএসসি পরীক্ষায় মাউশির নতুন নির্দেশনায় যা আছে

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৩০, ২০২৬, ০৯:২৩ এএম

এসএসসি পরীক্ষায় মাউশির নতুন নির্দেশনায় যা আছে

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

সারা দেশে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কঠোর অবস্থান নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ উপলক্ষে কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য ১১ দফা বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই পাবলিক পরীক্ষাকে কেন্দ্র করে মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনাগুলো প্রদান করা হয়। 

আদেশে স্পষ্ট করে বলা হয়েছে যে, পরীক্ষার যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকার ‘শূন্য সহনশীলতা’ বা জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করবে।

মাউশির নতুন নির্দেশনায় প্রতিটি পরীক্ষা কেন্দ্র এবং প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা বাধ্যতামূলক করা হয়েছে। কোনো কেন্দ্রে ক্যামেরা অচল থাকলে তা পরীক্ষা শুরুর আগেই সচল করতে হবে এবং ধারণকৃত ভিডিও ফুটেজ যথাযথভাবে সংরক্ষণ করে প্রয়োজনে কর্তৃপক্ষকে সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। 

পরীক্ষার্থীদের নকল বা যেকোনো ধরনের অসদুপায় ঠেকাতে কেন্দ্রে প্রবেশের আগে কড়া তল্লাশির ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। বিশেষ করে ছাত্রীদের ক্ষেত্রে নারী শিক্ষকের মাধ্যমে দেহ তল্লাশির যথাযথ ব্যবস্থা রাখার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।এছাড়াও প্রতিটি কক্ষে কাটাওয়ালা ঘড়ি স্থাপন, পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য কেন্দ্র সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষার হলে অন্য কোনো শিক্ষক বা পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন নিশ্চিত করতে বলা হয়েছে। কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদর্শনের ব্যবস্থাও রাখতে হবে। মাউশি সতর্ক করে দিয়েছে যে, এসব নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।