বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পড়ার টেবিলে ঢলে পড়লেন চবি ছাত্র, হাসপাতালে মৃ‍‍`ত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১২, ২০২৬, ০১:০৮ পিএম

পড়ার টেবিলে ঢলে পড়লেন চবি ছাত্র, হাসপাতালে মৃ‍‍`ত্যু

মৃত শিক্ষার্থী জীবক চাকমা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জীবক চাকমা পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের বিশ্বশান্তি প্যাগোডা হোস্টেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অর্থাৎ স্ট্রোকের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। 

মেধাবী এই শিক্ষার্থীর এমন আকস্মিক প্রয়াণে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তাঁর সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।২০ বছর বয়সী জীবক চাকমা রাঙামাটির নানিয়ারচর উপজেলার রাম হরি পাড়ার বাসিন্দা রবিলেন্দু চাকমার ছেলে। 

আগামী মঙ্গলবার থেকে তাঁর স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সহপাঠীরা জানান, আসন্ন পরীক্ষার প্রস্তুতির কারণেই এবার পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বিজু উপলক্ষে তিনি বাড়িতে যাননি। 

অন্যদিনের মতো আজও সকালে তিনি হোস্টেলের কক্ষে পড়ার টেবিলে বসে পড়াশোনা করছিলেন। ঠিক সেই সময় হঠাৎ পড়ার টেবিলে ঢলে পড়েন তিনি। তাঁর এই অবস্থা দেখে পাশে থাকা বন্ধুরা দ্রুত তাঁকে উদ্ধার করেন।ঘটনার পরপরই তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব জানান, সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে জীবককে সেখানে আনা হয়েছিল। তাঁর শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এবং তাৎক্ষণিকভাবে রোগ নির্ণয় সম্ভব না হওয়ায় অক্সিজেন দিয়ে দ্রুত তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।পরবর্তীতে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে সকাল ৯টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক জীবক চাকমাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুল্লাহ হোসেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। জীবকের অকাল প্রয়াণে তাঁর পরিবারে শোকের মাতম চলছে। যে পরীক্ষার প্রস্তুতির জন্য তিনি উৎসবে বাড়ি যাননি, সেই পরীক্ষা আর দেওয়া হলো না তাঁর। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।