সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১, ২০২৬, ০৪:০০ পিএম

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ (NHSPC) নিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে বিশেষ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এই প্রতিযোগিতায় আঞ্চলিক পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রচার-প্রচারণা এবং নিবন্ধন কার্যক্রম আগামী ২ মে রাত ১২টার মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে।

মাউশি সূত্রে জানা গেছে, আগামী ১৬ মে দেশব্যাপী একযোগে আঞ্চলিক প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিযোগিতার অফিসিয়াল ওয়েবসাইট (https://mhspc.bcc.gov.bd) থেকে অনলাইনে নিবন্ধন করতে পারবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি চিঠি সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর আয়োজনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এটি মূলত হাইস্কুল, মাদরাসা, পলিটেকনিক ইনস্টিটিউট ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি জাতীয় প্ল্যাটফর্ম।

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উৎসাহিত করতে বলা হয়েছে। একই সাথে নির্ধারিত ডেডলাইনের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো মেধাবী শিক্ষার্থী এই সুযোগ থেকে বঞ্চিত না হয়। আইসিটি খাতের দক্ষ জনবল তৈরি এবং শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং-এর প্রতি আগ্রহ সৃষ্টি করতেই সরকার প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে।