রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাবিপ্রবিতে স্নাতকোত্তর শিক্ষার্থীদের গবেষণা প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

মে ৬, ২০২৬, ১১:৩২ পিএম

হাবিপ্রবিতে স্নাতকোত্তর শিক্ষার্থীদের গবেষণা প্রশিক্ষণ

ছবি-দিনাজপুর টিভি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পাঁচ ধাপের গবেষণা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ ‍‍`স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, সায়েন্টিফিক পেপার অ্যান্ড থিসিস রাইটিং‍‍` শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে ফিশারিজ এবং ভেটেরেনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ১৩২ জন স্নাতকোত্তর শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা বলেন, বর্তমান বিশ্বে মানসম্মত গবেষণা ও বৈজ্ঞানিক প্রবন্ধ রচনার ক্ষেত্রে দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি। ছাত্রজীবন থেকেই গবেষণার সাথে যুক্ত হতে পারলে পরবর্তীতে একজন ভালো মানের গবেষক হওয়া সহজ হয়। 

তিনি গবেষণার ক্ষেত্রে তথ্য সংগ্রহ ও পেপার লেখার কৌশলে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।ভিসি তাঁর বক্তব্যে আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রধানতম কাজ হওয়া উচিত গবেষণা করা। গুণগত মানের গবেষক হওয়ার জন্য গবেষণায় বেশি বেশি সময় দিতে হবে। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেকে কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতা নিয়ে গবেষণার কাজ করেন, এতে গবেষণার সঠিক মান বজায় থাকে না। তিনি শিক্ষার্থীদের শুরু থেকেই সুপারভাইজারের তত্ত্বাবধানে নিয়মিত রিসার্চ পেপার প্রকাশের তাগিদ দেন।

আইআরটি-এর পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এসএম এমদাদুল হাসান এবং আইআরটি-এর সহযোগী পরিচালক প্রফেসর ড. শরীফ মাহমুদসহ সংশ্লিষ্ট অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মানসম্মত গবেষণার প্রসার ও শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।