মে ১৭, ২০২৬, ১১:২০ পিএম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে ৫ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং হাবিপ্রবির বিজনেস স্টাডিজ অনুষদের যৌথ উদ্যোগে রবিবার সকাল ৯টায় বিজনেস স্টাডিজ অনুষদের শ্রেণি কক্ষে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা এবং বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. জামালউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বিসিকের পরিচালক মো. শহীদুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক ড. মো. ফরহাদ হোসেন, বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান অনুষদ সদস্য মুহাম্মদ আজাদ হোসেন এবং সহকারী অনুষদ সদস্য জোনায়েদ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আবুল কালাম। শিক্ষার্থীদের আত্মকর্মস্থান সৃষ্টি, উদ্ভাবনী চিন্তাবিকাশ এবং তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানের সমন্বয়ে এই প্রশিক্ষণে শিক্ষার্থীরা নতুন কিছু শিখতে পারবে। সর্বত্র চাকরির বাজার সীমিত, বিধায় চাকরির প্রতিযোগিতামূলক ক্ষেত্রে এই প্রশিক্ষণ অত্যন্ত উপকারে আসবে। প্রত্যেক শিক্ষার্থীর উচিত শুধু চাকরির পিছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। বর্তমান বিশ্বে চাকরির পাশাপাশি উদ্যোক্তা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের সৃজনশীলতা, দক্ষতা ও প্রযুক্তি নির্ভর চিন্তাভাবনা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার মূল উদ্দেশ্য শুধু সনদ প্রদান নয়; বরং দক্ষ মানবসম্পদ ও সফল উদ্যোক্তা তৈরি করা। আমাদের দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে হলে রপ্তানি বাড়াতে হবে। ইতোমধ্যে দেশের অর্থনৈতিক উন্নয়ন, নতুন উদ্যোক্তা তৈরি ও স্বনির্ভরতা বৃদ্ধিতে বিজনেস স্টাডিজ অনুষদের গ্র্যাজুয়েটরা ঈর্ষণীয় সাফল্যের স্বাক্ষর রেখেছেন।এই কর্মশালায় অংশগ্রহণকারীরা ব্যবসা পরিকল্পনা, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা ও ডিজিটাল উদ্যোক্তাসহ বিভিন্ন বিষয়ে বাস্তবধর্মী জ্ঞান অর্জন করবে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিজনেস স্টাডিজ অনুষদের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন