রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাবিপ্রবিতে অসামাজিক কার্যকলাপে ৬ শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

মে ২০, ২০২৬, ০৮:৩৩ পিএম

হাবিপ্রবিতে অসামাজিক কার্যকলাপে ৬ শিক্ষার্থী বহিষ্কার

ছবি-দিনাজপুর টিভি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই দফায় ছয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অসামাজিক কার্যকলাপ ও সমকামিতার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয় বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. নওশের ওয়ান।মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে দুই শিক্ষার্থীকে এবং গত ১৬ মে একই অভিযোগে আরও চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাঁশেরহাটের মহাবলীপুর এলাকার একটি মেসে ইংরেজি বিভাগের ২৪ ব্যাচের এক শিক্ষার্থীকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। 

পরে শিক্ষার্থীদের জেরার মুখে ওই শিক্ষার্থী নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন এবং ফুড প্রসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের আরেক শিক্ষার্থীর নাম জানান। তবে দ্বিতীয় শিক্ষার্থী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। এই ঘটনার পর সাধারণ শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিক ওই দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে।

এর আগে গত ১৬ মে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ‘হ্যাভেন সিটি’ ছাত্রাবাসে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে আরও চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। বহিষ্কৃতরা হলেন- ফিশারিজ অনুষদের ২৬ ব্যাচের এক শিক্ষার্থী, একই অনুষদের ২৫ ব্যাচের দুই শিক্ষার্থী এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২৫ ব্যাচের এক শিক্ষার্থী।

এ বিষয়ে হাবিপ্রবির প্রক্টর ড. মো. নওশের ওয়ান জানান, শিক্ষার্থীদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। দুই দফায় ছয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। উপাচার্যের অনুমতিক্রমে অভিযুক্তদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। প্রক্টরিয়াল বডির প্রাথমিক তদন্তে কিছু তথ্য পাওয়া গেছে। পুরো বিষয়টি অধিকতর তদন্ত করে পরবর্তী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।