মে ২১, ২০২৬, ০৯:৪৯ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলে দেশীয় অস্ত্র হাতে শিক্ষার্থীর বের হওয়ার ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গত ১৭ মে মারধরের জেরে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটে এবং বিষয়টি নিয়ে পুরো ক্যাম্পাসে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শাহাদাত হোসেনকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন শিক্ষক সেলের সোহরাব হোসেন শাওন।
এছাড়া আইন অনুষদের ডিন অধ্যাপক ড. জাফর উল্লাহ তালুকদার এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেনকে কমিটির সদস্য রাখা হয়েছে। তদন্তের মূল বিষয়বস্তু হলো, কেন এবং কীভাবে এক শিক্ষার্থী গামছায় মোড়ানো চাপাতি নিয়ে হলের বাইরে বেরিয়ে এসেছিল। ২০২০-২১ শিক্ষাবর্ষের রসায়ন বিভাগের ওই শিক্ষার্থীর এমন আচরণ নিয়ে ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্রসংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদের পর প্রশাসন তদন্তের উদ্যোগ নেয়।
অস্ত্র হাতে ওই শিক্ষার্থীর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার সাথে জড়িত ও নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রাখতে ও বিশৃঙ্খলা রোধে এই তদন্ত অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে। সংশ্লিষ্ট মহলের আশা, তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন