রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাবিপ্রবিতে ১৪ শিক্ষকের চাকরি চলে গেল, নোটিশ আরও ৪ জনকে

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৭, ২০২৬, ০৫:৪০ পিএম

হাবিপ্রবিতে ১৪ শিক্ষকের চাকরি চলে গেল, নোটিশ আরও ৪ জনকে

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৪ জন শিক্ষককে চাকুরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও নির্ধারিত সময়ে কর্মস্থলে না ফেরায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের বিধিমালা অনুযায়ী তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

শর্ত সাপেক্ষে তাদের কাছ থেকে ছুটিকালীন নেওয়া বেতন ও ভাতা সুদসহ ফেরত নেওয়া হয়েছে এবং বাকিদের কাছ থেকে টাকা আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।আরও চারজন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।যথাযথ জবাব না পেলে ওই চার শিক্ষকের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। চাকরিচ্যুত শিক্ষকদের অডিট আপত্তিসহ বিশ্ববিদ্যালয়ের সব আর্থিক পাওনা আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। 

এই সময়ের মধ্যে পাওনা টাকা ফেরত না দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯২ জন শিক্ষকের মধ্যে ৬৯ জন উচ্চতর ডিগ্রি ও প্রশিক্ষণের জন্য শিক্ষা ছুটিতে রয়েছেন। এর মধ্যে ৫২ জন বিদেশে এবং ১৭ জন দেশের অভ্যন্তরে অবস্থান করছেন।ছুটি শেষে অন্তত ১৮ জন শিক্ষক যথাসময়ে দেশে ফিরে আসেননি।

দেশে না ফেরার কারণ হিসেবে অনেক শিক্ষক বিদেশে স্থায়ী চাকরি বা গবেষণায় যুক্ত হওয়ার কথা প্রশাসনকে জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডাক্তার আবু হাসান জানান, বর্তমান প্রশাসন শিক্ষা ছুটি শেষে শিক্ষকদের ফিরিয়ে আনার ব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। যারা নিয়ম ভঙ্গ করে দেশে ফেরেননি, তাদের বিরুদ্ধে ক্রমান্বয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিক্ষকরা বিদেশে অর্জিত জ্ঞান দেশে এসে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিক, এটাই প্রশাসনের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।