জুলাই ৭, ২০২৬, ০৭:৫৭ পিএম
বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা ও মিশরের ম্যাচটি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কোনো ভেন্যুতেই দেখানো হবে না বলে জানিয়েছেন আয়োজকরা।
মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় আজকের সব আয়োজন স্থগিত করা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বুধবার থেকে পুনরায় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভেন্যুতে বিশ্বকাপের সব ম্যাচ বড় পর্দায় দেখানো হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ জানিয়েছেন, টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীমউদদীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় ও ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল খেলার মাঠে আজকের সম্প্রচার কর্মসূচি বন্ধ থাকবে। অ্যাথলেট স্পোর্টস গিয়ার কর্তৃক আয়োজিত এই সম্প্রচার কার্যক্রম নিরাপত্তার স্বার্থেই সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে সিইও মো. সেজান মাহমুদ নিশ্চিত করেছেন। আয়োজকরা সবাইকে বৈরী আবহাওয়ায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন