মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাবির কলা ভবনে শর্ট সার্কিট থেকে আগুন

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৭, ২০২৬, ০২:৪৫ পিএম

ঢাবির কলা ভবনে শর্ট সার্কিট থেকে আগুন

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের একটি শ্রেণিকক্ষের বাইরের অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ভবনের দ্বিতীয় তলায় বাংলা বিভাগের নির্দিষ্ট কক্ষের পাশের একটি বৈদ্যুতিক সার্কিট বোর্ডে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ও দায়িত্বরত কর্মচারীরা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কর্মচারীদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া গেছে।অগ্নিকাণ্ডের খবরের সত্যতা নিশ্চিত করে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. আবুল কালাম সরকার জানান, শর্ট সার্কিট থেকে লাইনে আচমকা আগুন ধরে গিয়েছিল। 

তবে তাৎক্ষণিকভাবে ফায়ার ইক্যুইপমেন্ট ব্যবহার করে তা নেভানো সম্ভব হওয়ায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডের ঘটনার সময় করিডোরে ধোঁয়া ছড়িয়ে পড়লে কিছুক্ষণের জন্য শিক্ষার্থীদের মাঝে উৎসুক ভাব ও সাময়িক উদ্বেগ তৈরি হয়। বর্তমানে ভবনের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ বৈদ্যুতিক লাইনটি মেরামতের কাজ করছে।