জুলাই ১৩, ২০২৬, ০৩:২৬ পিএম
টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতার মধ্যেই অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের কোমরসমান পানি পেরিয়ে, আবার কোথাও নৌকা বা ভ্যানে চড়ে কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। বৈরী আবহাওয়ার এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।অনেক কেন্দ্রেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যাতায়াত ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সোমবার সারাদেশে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের ষষ্ঠ দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট বোর্ডের ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হলেও, দেশের অন্যান্য বোর্ডে পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হতে থাকেন, তবে কয়েকটি অঞ্চলে পরিস্থিতি ছিল ভয়াবহ।
বিশেষ করে নোয়াখালীর হাতিয়া এবং কুমিল্লার সরকারি মহিলা কলেজ, ভিক্টোরিয়া কলেজ ও ভাষাসৈনিক অজিত গুহ কলেজ কেন্দ্রে জলাবদ্ধতার কারণে যাতায়াত দুর্বিষহ হয়ে ওঠে। কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পানির মধ্য দিয়ে পরীক্ষার্থীদের নৌকায় করে কেন্দ্রে পৌঁছানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র আলোচনার সৃষ্টি হয়।
পরীক্ষা আয়োজনের বিষয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান জানান, কেন্দ্রীয়ভাবে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় না। স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের প্রতিবেদনের ভিত্তিতে পরিস্থিতি পর্যালোচনা করে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে কোনো লিখিত প্রতিবেদন পায়নি কর্তৃপক্ষ।
পরীক্ষার্থীদের এই দুর্ভোগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, হাঁটু বা কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষায় অংশ নেওয়া কোনোভাবেই ন্যায্য নয়। বৈরী আবহাওয়ার পূর্বাভাস থাকায় আগেই সূচি পুনর্নির্ধারণ করা উচিত ছিল। এতে শিক্ষার্থীদের মানসিক চাপের পাশাপাশি মূল্যায়নের ক্ষেত্রেও ভারসাম্য নষ্ট হয়।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। চলতি মৌসুমে এটি এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের একটি। দুর্যোগপূর্ণ এই সময়ে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে জনমনে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির দিকে নজর রাখছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন