সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,

বৃষ্টিতে ছাতা মাথায় পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৩, ২০২৬, ০৫:০২ পিএম

বৃষ্টিতে ছাতা মাথায় পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কোটখালী ফাজিল ডিগ্রি মাদরাসায় বৃষ্টির পানি থেকে বাঁচতে ছাতা মাথায় দিয়ে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। জরাজীর্ণ শ্রেণিকক্ষের ছাদ দিয়ে পানি পড়ায় প্রতিকূল এই পরিস্থিতিতে তারা পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন।রবিবার (১২ জুলাই) অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে এমন দৃশ্য দেখা যায়।

১৯২৭ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসার পুরোনো ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। ফলে ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে ছাদ দিয়ে পানি পড়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত দুর্ভোগ পোহাতে হয়। যদিও মাদরাসার নতুন একটি ভবন নির্মাণাধীন রয়েছে, তবে সেই কাজ শেষ না হওয়ায় তা এখন পর্যন্ত ব্যবহার করা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে কোটখালী ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা নজির আহমেদ বলেন, যে কক্ষটিতে পরীক্ষা নেওয়া হয়েছে, সেটি তাদের গুরুত্বপূর্ণ একটি শ্রেণিকক্ষ। ভারী বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে, যা শিক্ষার্থীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তিনি জানান, নতুন ভবনের নির্মাণকাজ প্রায় শেষপর্যায়ে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এক মাসের মধ্যেই নতুন ভবনে শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হবে। তখন এই সমস্যার স্থায়ী সমাধান হবে।