জুলাই ১৮, ২০২৬, ১১:১৯ এএম
সাম্প্রতিক বন্যার পরবর্তী পরিস্থিতির কারণে দেশের ৫টি জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলায় চলমান এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স, এইচএসসি ও আলিম পরীক্ষা ২০২৬ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্তের আলোকে এই ঘোষণা দেওয়া হয়েছে।
বন্যার কারণে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের যাতায়াত, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা হয়েছে।বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পৃথক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন জেলাগুলো ছাড়া দেশের অন্যান্য জেলায় পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট এলাকার সকল প্রতিষ্ঠান প্রধান ও পরীক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরীক্ষা স্থগিতের কারণে শিক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে এবং যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার পর নতুন সময়সূচি নির্ধারণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলোর পক্ষ থেকে এ বিষয়ে নিয়মিত আপডেট ওয়েবসাইটে দেওয়া হবে। শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন