রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গবেষণাই বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি‍‍` ভিসি এনামুল্ল্যাহ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৬, ২০২৬, ০৬:০৫ পিএম

গবেষণাই বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি‍‍` ভিসি এনামুল্ল্যাহ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পাঁচ দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (আইআরটি) উদ্যোগে এই অনুষ্ঠান শুরু হয়।কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকসহ মোট ১৩০ জন গবেষক নিবন্ধিত হয়ে অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামুল্ল্যাহ বলেন, মানসম্পন্ন গবেষণার মাধ্যমেই কেবল নতুন জ্ঞান সৃষ্টি হয় এবং সমাজ পরিবর্তনের পথ উন্মোচিত হয়। নিয়মিত মানসম্মত গবেষণা প্রবন্ধ প্রকাশ, নতুন গবেষণা প্রস্তাবনা তৈরি এবং সাধারণ মানুষের কল্যাণে প্রযুক্তির বিস্তার ঘটানোর জন্য তিনি গবেষকদের প্রতি আহ্বান জানান। হাবিপ্রবিকে একটি শীর্ষ গবেষণামুখী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে তরুণ গবেষকদের নিষ্ঠার সাথে কাজ করার অনুরোধ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। আইআরটির পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় ২০২৪-২০২৫ অর্থবছরে সম্পন্ন হওয়া স্বাধীন গবেষণা এবং ২০২২-২০২৩ অর্থবছরের সমাপ্ত যৌথ প্রকল্পের চূড়ান্ত ফলাফল পেশ করা হয়। এছাড়া ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ অর্থবছরে চলমান বেশ কয়েকটি গবেষণা প্রকল্পের অর্জিত অগ্রগতি বিস্তারিত পর্যালোচনা করা হয়।

অনুষ্ঠানে আইআরটির বার্ষিক গবেষণা প্রতিবেদনের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের চারটি বিশেষ প্রকল্পের প্রতিবেদন তুলে ধরা হয়। উপপরিচালক মো. শাহজাহান মন্ডলের সঞ্চালনায় উদ্বোধনী পর্ব শেষ হলে অনুষদভিত্তিক দলগত আলোচনা ও টেকনিক্যাল অধিবেশন শুরু হয়।