রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়া দেশের জন্য সারা জীবন ত্যাগ করেছেন‍‍` ইবি ভিসি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ০৯:৪৩ পিএম

খালেদা জিয়া দেশের জন্য সারা জীবন ত্যাগ করেছেন‍‍` ইবি ভিসি

ছবি - সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। রোববার (২৬ জুলাই) দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের পরিচিতি ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান।

নারী শিক্ষার প্রসারে বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক পদক্ষেপের সুফল দেশ এখন ভোগ করছে।ইবি উপাচার্য বলেন, ১৯৯১ সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বেগম খালেদা জিয়া নারী শিক্ষার ব্যাপক প্রসারে যুগান্তকারী ভূমিকা রেখেছিলেন। উচ্চমাধ্যমিক শ্রেণি পর্যন্ত মেয়েদের বিনাবেতনে পড়ার অভূতপূর্ব সুযোগ তৈরি করে দেওয়ার ফলে আজ সমাজে নারী শিক্ষার হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ত্রিশ বছর আগের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর সাথে বর্তমান বাংলাদেশের সমৃদ্ধির দৃশ্যপট মেলালে এই সুদূরপ্রসারী উদ্যোগের গুরুত্ব স্পষ্ট বোঝা যায়। বিশ্বমঞ্চে ও রাষ্ট্র পরিচালনায় যেসব মহান নেতা অবদান রেখেছেন, তারা সমাজ থেকে কিছু না নিয়েই কেবল দিয়ে গেছেন বলে তিনি উল্লেখ করেন।

পাবিপ্রবির মূল মিলনায়তনে আয়োজিত এই নবীন বরণে নারী ও পুরুষ শিক্ষার্থীদের সমতা ও উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। নবীনদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে ড. মতিনুর রহমান বলেন, কঠোর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে টিকে আজকের এই অর্জনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অত্যন্ত সৌভাগ্যবান। সাধারণ মেহনতি ও শ্রমজীবী মানুষের করের টাকায় পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় বিধায় সেই সাধারণ মানুষের প্রতি অর্পিত দায়িত্ববোধ থেকে শিক্ষার্থীদের সৎ, নীতিবান ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার তাগিদ দেন তিনি।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। অর্থসংক্রান্ত কমিটির প্রধান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসানের সার্বিক আয়োজনে অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. মো. আবদুর রশীদ।