রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ কবে থেকে, আবেদন করবেন যেভাবে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১০, ২০২৬, ০৩:৪৬ পিএম

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ কবে থেকে, আবেদন করবেন যেভাবে

ছবি : সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পরদিন থেকেই শুরু হচ্ছে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ঘোষণা অনুযায়ী, আগামী ১১ আগস্ট থেকে শুরু হওয়া এই আবেদন কার্যক্রম চলবে ১৭ আগস্ট পর্যন্ত। শিক্ষার্থীরা সম্পূর্ণ অনলাইনে নিজ নিজ শিক্ষা বোর্ডের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে এই আবেদন সম্পন্ন করতে পারবেন।

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।পুনর্নিরীক্ষণের আবেদন করার জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে ইনপুট দেওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। এরপর মোবাইল নম্বর প্রদান করতে হবে, যেখানে পরবর্তী সময়ে ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে। 

এক বা একাধিক বিষয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করতে হলে প্রয়োজনীয় বিষয়গুলো নির্বাচন করে ফি পরিশোধের ধাপে যেতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি নির্ধারণ করা হয়েছে এবং দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।

বিকাশ, নগদ কিংবা সোনালী সেবার মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে। ফি জমা দেওয়ার পর আবেদন চূড়ান্তভাবে জমা দিতে হবে এবং একবার ফি পরিশোধের পর কোনো অবস্থাতেই তা ফেরত দেওয়া হবে না বা আবেদন বাতিল করা যাবে না। ম্যানুয়াল পদ্ধতিতে কোনো ধরনের আবেদন গ্রহণ করা হবে না বলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।