বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বকেয়া বেতন পাওয়ার নতুন সুযোগ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৯:৫৪ পিএম

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বকেয়া বেতন পাওয়ার নতুন সুযোগ

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

জাতীয় পরিচয়পত্র বা এনআইডির তথ্যগত ত্রুটির কারণে দীর্ঘ ১১ মাস ধরে বেতন-ভাতা থেকে বঞ্চিত থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বকেয়া অর্থ পাওয়ার নতুন সুযোগ তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বিগত ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত আটকে থাকা বেতন ও উৎসব ভাতা উত্তোলনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব অনলাইন প্যানেলে বিশেষ সাবমিট অপশন যুক্ত করা হয়েছে। 

বুধবার অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত সেপ্টেম্বর মাসের এমপিও বিল দাখিল সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। এনআইডি জটিলতায় আটকে থাকা বেতন ছাড়ের সুযোগ পেলেন শিক্ষকেরা। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেসকল শিক্ষক ও কর্মচারী জাতীয় পরিচয়পত্রের নামের বানান বা অন্যান্য তথ্যের অসঙ্গতির কারণে ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুন মেয়াদের মধ্যে এক বা একাধিক মাসের বেতন বা বোনাস পাননি, তাঁদের জন্য প্রতিষ্ঠানের প্যানেলে সংশ্লিষ্ট মাসের বিল পাঠানোর পথ উন্মুক্ত করা হয়েছে।

তবে যথাসময়ে বিল দাখিলের পর শুধুমাত্র ব্যাংক হিসাবের ত্রুটির কারণে যাদের বেতন ছাড় না হয়ে ফেরত বা বাউন্স ব্যাক হয়েছে, তাঁদের নতুন করে বকেয়া বিল সাবমিট না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, অনলাইন প্যানেলের নির্দিষ্ট বাউন্স অপশনে নাম অন্তর্ভুক্ত হওয়ার পর সঠিক ব্যাংক তথ্য সংশোধন করলেই সেই অর্থ স্বয়ংক্রিয়ভাবে পুনরায় অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

চলতি মাসের বিল নিষ্পত্তির জন্য আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে সেপ্টেম্বর মাসের নিয়মিত এমপিও বিলের পাশাপাশি প্যানেলে যুক্ত হওয়া বিগত ১১ মাসের বকেয়া বেতন-ভাতা আলাদাভাবে মাসওয়ারি হিসাব করে সাবমিট করার জন্য দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে মাউশি প্রশাসন।