সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১০:৩০ এএম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে এই ছুটির আওতায় কোনো ধরনের পাঠদান চলবে না। তবে এটি কোনো সাধারণ ছুটি নয়।
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে স্বাভাবিক নিয়মে দাপ্তরিক কার্যক্রম চলছে। একইভাবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি করপোরেট অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত কর্মদিবস হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানগুলোর কর্মীরা এই দিনে স্বয়ংক্রিয়ভাবে কোনো সাধারণ ছুটির সুবিধা পাচ্ছেন না। তবে সরকারি ক্যালেন্ডারে এটি মুসলিম পর্বের একটি ঐচ্ছিক ছুটি হওয়ায় কর্তৃপক্ষের পূর্বানুমোদন সাপেক্ষে কর্মীরা চাইলে ঐচ্ছিক ছুটি গ্রহণ করতে পারবেন।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জিতে পূর্বে এই ছুটির তারিখ নির্ধারিত ছিল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। তবে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনার আলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পূর্বের তারিখ পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে।
গত রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সংশোধিত এই প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে জানানো হয়, গত ২০ মে জারিকৃত প্রজ্ঞাপন আংশিক সংশোধন করে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হলো। এই সিদ্ধান্তের ফলেই দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা আজ ছুটির আওতায় রয়েছেন।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আরবি শব্দ ‘ইয়াজদাহম’ অর্থ এগারো এবং ‘ফাতেহা’ শব্দের অর্থ দোয়া করা। ইসলামের অন্যতম ধর্মপ্রচারক বড় পীর হজরত আবদুল কাদের জিলানী (র.)-এর ওফাত দিবস উপলক্ষে বিশ্বজুড়ে মুসলমানরা ধর্মীয় মর্যাদায় দিনটি পালন করে থাকেন। হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি তিনি ইন্তেকাল করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন