আগস্ট ৩১, ২০২৫, ১১:৩৫ এএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আজকের সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত জানানো হবে।
গতকাল রাত প্রায় দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের কাছে একটি ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এক নারী শিক্ষার্থীকে দারোয়ানের মারধরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ৬০ শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের মধ্যে ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যার মধ্যে কয়েকজনের শরীরে দেশীয় অস্ত্রের আঘাত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের কাছে একটি ভাড়া বাসায় থাকেন। রাত ১২টার দিকে তিনি বাসায় প্রবেশের চেষ্টা করলে দারোয়ানের সঙ্গে তার তর্ক হয় এবং এক পর্যায়ে তাকে মারধর করা হয়। ২ নম্বর গেটে থাকা শিক্ষার্থীরা দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। শিক্ষার্থীরা তাকে ধাওয়া করলে স্থানীয় লোকজন শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন মাইকে ডেকে আরও লোক জড়ো করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন