সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৯:৩১ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ১৮টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে, যার মধ্যে ভিপি পদে এগিয়ে আছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম)। তিনি মোট ১৪ হাজার ৪২ ভোট পেয়েছেন। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা বাকি, প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে যে শীর্ষ তিন পদেই শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল এগিয়ে রয়েছে।
রোকেয়া হলের ফলাফল অনুযায়ী, ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমাকে পরাজিত করেছেন সাদিক কায়েম। এই হলে সাদিক কায়েম মোট ১ হাজার ৪৭২ ভোট পেয়েছেন, যা সর্বোচ্চ। তার প্রতিদ্বন্দ্বী উমামা ফাতেমা পেয়েছেন ৬১৪ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে আবিদুল ইসলাম ৫৭৫ এবং শামীম হোসেন ৬৮৪ ভোট পেয়েছেন।
একই হলে জিএস পদে এস এম ফরহাদ সর্বাধিক ১১২০ ভোট পেয়েছেন। এছাড়া, আরাফাত চৌধুরী ৬৬৪, মেঘ মল্লার বসু ৭৮০, তানভীর বারী হামীম ৪৪৭ এবং আবু বাকের মজুমদার ২৪১ ভোট পেয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টা থেকে বিভিন্ন হলে আলাদাভাবে ফলাফল ঘোষণা শুরু হয়। বুধবার ভোর ৬টার মধ্যে মোট ৮টি ভোটকেন্দ্রের অধীনে থাকা ১৮টি হলের ফলাফল প্রকাশ করা হয়েছে। যে হলগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে সেগুলো হলো—শামসুন্নাহার হল, মুহসীন হল, এফ রহমান হল, রোকেয়া হল, এসএম হল, জহুরুল হক হল, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, সুফিয়া কামাল হল, জসিমউদ্দীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সূর্য সেন হল এবং কুয়েত মৈত্রী হল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন