রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ডাকসু ব্যালট পেপার নিয়ে অভিযোগ ভিত্তিহীন, তদন্ত চলমান

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৪:২১ পিএম

ডাকসু ব্যালট পেপার নিয়ে অভিযোগ ভিত্তিহীন, তদন্ত চলমান

ছবি - সংগৃহীত

ডাকসু নির্বাচন ২০২৫-এ হেরে যাওয়া প্রার্থীদের নানা অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনের দুই সপ্তাহ পর ব্যালট পেপার নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই। তবে, তারা আন্তরিকতার সঙ্গে অভিযোগগুলো তদন্ত করছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) ডাকসু নির্বাচন কমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যালট পেপার অনিরাপদ স্থানে ছাপা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা মিথ্যা। সম্পূর্ণ প্রতিযোগিতামূলক ও কঠোর তত্ত্বাবধানে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠান ব্যালট পেপার মুদ্রণের দায়িত্ব পেয়েছিল।

নির্বাচনের প্রতিটি ধাপে প্রার্থীর এজেন্ট, পর্যবেক্ষক বা সাংবাদিকদের সামনেই সব কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং তখন কেউ কোনো আপত্তি তোলেননি। তাই এত দিন পর অভিযোগ তোলার কোনো ভিত্তি নেই।

সিসিটিভি ফুটেজ প্রসঙ্গে কমিশন জানায়, এটি কোনো পাবলিক ডকুমেন্ট নয়। তবে, কোনো প্রার্থী যদি নির্দিষ্ট সময় বা প্রাসঙ্গিক ঘটনা উল্লেখ করে লিখিত আবেদন করেন, তাহলে বিশেষজ্ঞ ও মনোনীত ব্যক্তিদের উপস্থিতিতে ফুটেজ পর্যালোচনা করার সুযোগ দেওয়া হবে।

ভোটারদের স্বাক্ষরিত তালিকা প্রকাশের দাবিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 'স্পর্শকাতর ও গোপনীয়' বলে উল্লেখ করেছে। প্রশাসনের ভাষ্য, নির্বাচনী বিধিতে এই তালিকা প্রকাশের কোনো বিধান নেই এবং শিক্ষার্থীদের গোপনীয়তা ও নিরাপত্তার স্বার্থে এটি প্রকাশ করা সম্ভব নয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচন নিয়ে যেসব আবেদন ও অভিযোগ জমা পড়েছে, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে। প্রতিটি অভিযোগের বিষয়ে যথাসময়ে আবেদনকারীদের পৃথকভাবে সিদ্ধান্ত জানানো হবে।